রাজধানী

কাশিমপুর কারাগারে বন্দিদের জন্য বিশ্বকাপ খেলা দেখার বিশেষ ব্যবস্থা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৯:২০ পিএম

কাশিমপুর কারাগারে বন্দিদের জন্য বিশ্বকাপ খেলা দেখার বিশেষ ব্যবস্থা
ছবি: সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দিদের জন্য ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখার বিশেষ ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ। শুক্রবার (১২ জুন) এ তথ্য নিশ্চিত করা হয়।

কারা সূত্র জানায়, কারাগারের বিভিন্ন ওয়ার্ডে স্থাপিত টেলিভিশনের মাধ্যমে বন্দিরা বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ উপভোগ করতে পারবেন। বিশেষ করে বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত ম্যাচগুলো তারা দেখতে পাবেন। যেসব স্থানে টেলিভিশনের সুবিধা সীমিত, সেখানে প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

কারা কর্মকর্তারা জানান, বন্দিদের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ও বিনোদনের জন্য নিয়মিত বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। বিশ্বকাপ ফুটবল খেলা প্রদর্শনের এই উদ্যোগ সেই ধারাবাহিকতারই অংশ। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রেখেই নির্ধারিত সময়সূচি অনুযায়ী খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে।

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার মো. জাকির হোসেন বলেন, কারাগারে খেলা দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেলিভিশনের কিছু সংকট থাকায় প্রয়োজন অনুযায়ী প্রজেক্টরের ব্যবস্থা রাখা হচ্ছে।

কাশিমপুর কারাগার-২ এর জেলার মো. আবুল হোসেন জানান, তাদের কারাগারে প্রায় সাড়ে তিন হাজার বন্দি রয়েছে। আগ্রহী বন্দিদের জন্য খেলা দেখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, কারাগারের অধিকাংশ সেলেই বাংলাদেশ টেলিভিশনের সংযোগ রয়েছে এবং সেগুলোতে খেলা দেখানো হবে।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া জানান, বন্দিরাও যেন বিশ্বকাপের আনন্দ উপভোগ করতে পারেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। টেলিভিশনের কোনো সংকট থাকলে তা দ্রুত সমাধানের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।