রাজধানী

‘হ্যালো ডিসি’তে আবেদন, ১৪ দুস্থ নারীর হাতে সেলাই মেশিন তুলে দিলেন ডিসি ফরিদা খানম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৬:৩০ পিএম

‘হ্যালো ডিসি’তে আবেদন, ১৪ দুস্থ নারীর হাতে সেলাই মেশিন তুলে দিলেন ডিসি ফরিদা খানম
ছবিঃ সংগৃহীত

ঢাকার দোহার উপজেলার ১৪ জন দুস্থ, অসহায় ও দরিদ্র নারী ‘হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মে আবেদন করে আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন পেয়েছেন। 

তাদের স্বাবলম্বী করে তুলতে রবিবার (০২ আগস্ট) আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন বিতরণ করেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ‘হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মে আবেদন পাওয়ার পর উপজেলা প্রশাসন আবেদনকারীদের আর্থসামাজিক অবস্থা যাচাই-বাছাই করে। যাচাই শেষে প্রকৃত দুস্থ, অসহায় ও দরিদ্র ১৪ জন নারীকে এই সহায়তার জন্য নির্বাচিত করা হয়।

সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, সরকারের সামাজিক সুরক্ষা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচিকে আরও কার্যকর করতে জেলা প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করছে। তিনি বলেন, শুধু আর্থিক সহায়তা নয়, মানুষকে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে স্বাবলম্বী করে তোলাই প্রশাসনের মূল লক্ষ্য। ‘হ্যালো ডিসি’ সেবার মাধ্যমে প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের কাছে দ্রুত ও সহজে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও আশা প্রকাশ করেন, এই সেলাই মেশিন কাজে লাগিয়ে উপকারভোগীরা নিজেদের পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখবেন এবং আত্মনির্ভরশীল হয়ে উঠবেন।

জেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও ‘হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মের মাধ্যমে প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষের আবেদন গ্রহণ, যাচাই-বাছাই এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।