অর্থনীতি

সংকট না থাকলেও বাজার থেকে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৯:৫৩ এএম

সংকট না থাকলেও বাজার থেকে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রাবাজারে এখন কোনো ডলার সংকট না থাকলেও বাজার থেকে নিয়মিত ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। এই ডলারগুলো যোগ হচ্ছে দেশের বৈদেশিক মুদ্রার মজুদে (রিজার্ভে), ফলে রিজার্ভের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে।

চলতি অর্থবছরের শুরু থেকেই এই পদক্ষেপ অব্যাহত রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থনীতিবিদদের মতে, এই উদ্যোগের পেছনে রয়েছে গভীর অর্থনৈতিক প্রেক্ষাপট। বিশেষ করে, সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স ও রপ্তানি আয় বৃদ্ধি এবং আমদানি ব্যয় কমে যাওয়ার ফলে বাজারে ডলারের সরবরাহ বেড়ে গেছে। ফলে টাকার বিপরীতে ডলারের দর স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক সক্রিয়ভাবে বাজার থেকে ডলার কিনছে।

তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নিলামের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক মোট ২ দশমিক ১৩ বিলিয়ন ডলার কিনেছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, এটি মূলত শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয়ের ইতিবাচক প্রবণতার ফলাফল।

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে কেন্দ্রীয় ব্যাংক দুই বিলিয়ন ডলারেরও বেশি উদ্বৃত্ত ডলার ক্রয় করেছে, যা সরাসরি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যুক্ত হয়েছে। এর বিপরীতে, গত তিন বছরে ডলার সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংককে রিজার্ভ থেকে প্রায় ২৫ বিলিয়ন ডলার বিক্রি করতে হয়েছিল।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমানে এই ডলার কেনার নীতি বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং রিজার্ভ পুনর্গঠনের অংশ হিসেবেই গৃহীত হয়েছে। তারা মনে করেন, আমদানি ব্যয় স্বাভাবিক পর্যায়ে ফিরলে এবং রেমিট্যান্স প্রবাহ অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রা পরিস্থিতি আরও সুসংহত হবে।