অর্থনীতি

আগামী জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন হবে: গভর্নর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৭:১৮ পিএম

আগামী জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন হবে: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ছবি: সংগৃহীত

আগামী বছর থেকেই দেশে আর্থিক লেনদেনে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। ২০২৭ সালের জুলাই থেকে ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হবে পুরোপুরি ক্যাশলেস পদ্ধতিতে।

এমন পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এতে নগদ উত্তোলনের প্রয়োজন অনেক কমে আসবে বলেও তিনি উল্লেখ করেন। সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানেই ক্যাশলেস আন্তঃলেনদেন ব্যবস্থার এই রূপরেখা তুলে ধরেন গভর্নর। তাঁর ভাষ্য, ডিজিটাল আর্থিক ব্যবস্থার বিস্তার ছাড়া স্বচ্ছতা আনা সম্ভব নয়।

গভর্নর বলেন, ‘লেনদেনে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়াতে ডিজিটাইজেশনের বিকল্প নেই। আন্তঃলেনদেন প্ল্যাটফর্ম চালু হলে দুর্নীতি কমবে, রাজস্ব আদায় বাড়বে, আর সিস্টেমটিই হয়ে উঠবে ভবিষ্যতের মূল ভিত্তি।’

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও গেটস ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান মোজোলুপের মধ্যে একটি চুক্তি সই হয়। নিরাপত্তার কারণে চুক্তি ভার্চুয়ালি সম্পন্ন হয়েছে বলে জানান গভর্নর। এই প্ল্যাটফর্মের নাম হবে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (আইআইএসপি), যা দেশের সব আর্থিক সেবার মধ্যকার লেনদেনকে একীভূত করবে।

আইআইএসপি চালু হলে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে তাৎক্ষণিক ডিজিটাল লেনদেন সম্ভব হবে। বাংলাদেশ ব্যাংক মনে করছে, পুরো আর্থিক খাতকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে আনা গেলে লেনদেন হবে আরও নিরাপদ, দ্রুত ও কম খরচে।