অর্থনীতি

ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে নতুন নির্দেশনা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০২:২৪ পিএম

ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে নতুন নির্দেশনা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কঠোর সীমাবদ্ধতা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। একান্ত অপরিহার্য কারণ ছাড়া কোনো ব্যাংক-কম্পানির কর্মকর্তা-কর্মচারী বিদেশে যেতে পারবেন না বলে স্পষ্ট নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত সার্কুলার জারি করে। এতে বলা হয়, নির্বাচনকালীন সময়ে ব্যাংকিং খাতে যেন কোনো ধরনের শূন্যতা, সাংগঠনিক বিঘ্ন বা প্রশাসনিক সমস্যা তৈরি না হয়, তা নিশ্চিত করতেই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, নির্বাচনের বিশেষ পরিস্থিতি বিবেচনায় ব্যাংকিং কার্যক্রম স্থিতিশীল ও নির্বিঘ্ন রাখতে বিদেশ ভ্রমণের ওপর এই সীমাবদ্ধতা কার্যকর করা হলো। ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)সহ সব কর্মকর্তা-কর্মচারীর ক্ষেত্রে অতি জরুরি প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক কম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।