অর্থনীতি
দেশের বাজারে এক লাফে ৫ হাজার টাকা বাড়ল সোনার দাম
দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দামে ২২ ক্যারেট সোনার ভরি বিক্রি হবে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকায়, যা আগের তুলনায় ভরিতে ৫ হাজার ২৪৮ টাকা বেশি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম শুক্রবার (১৪ নভেম্বর) থেকে সারা দেশে কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি এবং স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনা করেই নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী-
*২২ ক্যারেট সোনা: প্রতি ভরি ২,১৩,৭১৯ টাকা
*২১ ক্যারেট সোনা: প্রতি ভরি ২,০৪,০০৩ টাকা
*১৮ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৭৪,৮৫৫ টাকা
*সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৪৫,৫২০ টাকা
বাজুস আরও জানিয়েছে, ঘোষিত মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং সংগঠন নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির অঙ্কে পার্থক্য থাকতে পারে।
এর আগে, ১১ নভেম্বর সোনার দাম বাড়ানো হয়েছিল। তখন ভরিতে ৪ হাজার ১৮৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকা। চলতি বছর এ নিয়ে ৭৬তম বার সোনার দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৫৩ বার বেড়েছে এবং ২৩ বার কমেছে। তুলনামূলকভাবে ২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৩৫ বার বৃদ্ধি ও ২৭ বার হ্রাস পেয়েছিল।
অন্যদিকে, সোনার দামের উর্ধ্বগতির মধ্যেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬০১ টাকা দরে বিক্রি হচ্ছে।
বছরজুড়ে রুপার দাম এখন পর্যন্ত ৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬ বার বেড়েছে এবং ৩ বার কমেছে।