অর্থনীতি

দেশে প্রথমবারের মতো চালু হলো ‘গুগল পে’, থাকছে যেসব সুবিধা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৮:৫৫ এএম

দেশে প্রথমবারের মতো চালু হলো ‘গুগল পে’, থাকছে যেসব সুবিধা
ছবি: সংগৃহীত

দেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘গুগল পে’। গুগলের সঙ্গে যৌথভাবে এই সেবা চালু করেছে সিটি ব্যাংক, যার প্রযুক্তিগত অংশীদার হিসেবে রয়েছে মাস্টারকার্ড ও ভিসা।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে গুগল পে’র এই আনুষ্ঠানিক যাত্রার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি এন জ্যাকবসন, সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, মাস্টারকার্ড ও ভিসা বাংলাদেশের শীর্ষ কর্মকর্তারা।

সিটি ব্যাংকের সিইও মাসরুর আরেফিন বলেন, “গুগল পে চালুর মাধ্যমে আমরা বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় এক নতুন অধ্যায় শুরু করলাম। এই উদ্ভাবনী অংশীদারিত্ব আমাদের ‘ফিউচার রেডি’ ইকোসিস্টেম তৈরির অঙ্গীকারেরই অংশ।”

কী সুবিধা থাকছে গুগল পে-তে?

অ্যান্ড্রয়েড ফোনেই লেনদেন: গ্রাহকরা এখন থেকে স্মার্টফোন ব্যবহার করেই সহজ, দ্রুত এবং নিরাপদভাবে অর্থ পরিশোধ করতে পারবেন।

কার্ড ছাড়াই পেমেন্ট: পেমেন্টের জন্য আর আলাদা করে কার্ড বহনের প্রয়োজন নেই। শুধু ফোন ট্যাপ করলেই POS মেশিনে লেনদেন সম্পন্ন হবে।

চার্জ বা ফি নেই: গুগল এই সেবার জন্য গ্রাহকের কাছ থেকে কোনো বাড়তি ফি নিচ্ছে না।

টোকেনাইজেশন প্রযুক্তি: গ্রাহকের কার্ডের আসল তথ্যের বদলে টোকেন ব্যবহৃত হবে, যা লেনদেনকে আরও নিরাপদ করে তোলে।

প্রাথমিকভাবে এই সুবিধা সিটি ব্যাংকের ভিসা ও মাস্টারকার্ড গ্রাহকদের জন্য চালু হচ্ছে। গ্রাহকদের গুগল পে অ্যাপে নিজেদের কার্ড যুক্ত করতে হবে, একবার যুক্ত হয়ে গেলে যেকোনো দোকান, শপিং মল বা রেস্তোরাঁয় পেমেন্ট করা যাবে।

বিশ্বমানের এই ডিজিটাল পেমেন্ট সেবার মাধ্যমে বাংলাদেশে ক্যাশলেস অর্থনীতির পথে আরও এক ধাপ এগিয়ে গেল। নগরভিত্তিক সেবার বাইরে গিয়ে ভবিষ্যতে এটি দেশের বৃহত্তর অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।