অর্থনীতি
সরকার জুলাই মাসে ১১ কার্গো এলএনজি আমদানি করবে
চলতি জুলাই মাসে ১১ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করবে সরকার। এসব কার্গোর মোট পরিমাণ প্রায় ৩ কোটি ৫২ লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট।
বুধবার (১ জুলাই) এ বিষয়ে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে জুলাই মাসের জন্য ১১ কার্গো এলএনজি আমদানি নিশ্চিত করা হয়েছে। এসব কার্গো স্পট মার্কেট, দীর্ঘমেয়াদি এবং স্বল্পমেয়াদি চুক্তির আওতায় সংগ্রহ করা হয়েছে।
তিনি আরও জানান, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে বাংলাদেশ তিনটি উৎস থেকেই নিয়মিত এলএনজি আমদানি করছে। প্রতিটি কার্গোতে গড়ে প্রায় ৩২ লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট এলএনজি থাকে।
পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, আমদানিকৃত কার্গোগুলোর প্রথম চালান ৬ বা ৭ জুলাই দেশে পৌঁছাতে পারে। এর মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় একটি, স্বল্পমেয়াদি চুক্তির আওতায় তিনটি এবং স্পট মার্কেট থেকে সাতটি কার্গো সংগ্রহ করা হয়েছে। বাকি চালানগুলোও জুলাই মাসের মধ্যেই দেশে পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে গত জুন মাসে দীর্ঘমেয়াদি, স্বল্পমেয়াদি চুক্তি ও স্পট মার্কেটের মাধ্যমে মোট ৯ কার্গো এলএনজি আমদানি করা হয়, যার পরিমাণ ছিল প্রায় ২ কোটি ৮৮ লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট।
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের তথ্য অনুযায়ী, কাতারভিত্তিক কাতার এনার্জি এবং ওমান সরকারের জ্বালানি ও পণ্য বাণিজ্য প্রতিষ্ঠান ওকিউ ট্রেডিং দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশে এলএনজি সরবরাহ করে। এছাড়া স্বল্পমেয়াদি চুক্তির আওতায়ও ওকিউ ট্রেডিং থেকে এলএনজি আমদানি করা হচ্ছে।
উল্লেখ্য, প্রতি মাসে সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির অনুমোদনের ভিত্তিতে সরকার স্পট মার্কেট থেকেও এলএনজি কার্গো সংগ্রহ করে থাকে।