বিনোদন
ভালোবাসা দিবসে কারাগারে থাকা প্রেমিক জ্যাকলিনকে হেলিকপ্টার উপহার দিলেন
আর্থিক প্রতারণার মামলায় কারাবন্দি থাকা সত্ত্বেও সুকেশ চন্দ্রশেখর বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ–এর প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। এবারের বিশ্ব ভালোবাসা দিবসে তিনি জ্যাকলিনকে একটি বিলাসবহুল হেলিকপ্টার উপহার দিয়েছেন এবং সাথে পাঠিয়েছেন আবেগঘন চিঠি।
চিঠিতে সুকেশ জ্যাকলিনকে “বেবি বম্মা” সম্বোধন করে তার একাকিত্বের কথা ব্যক্ত করেছেন। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন তাকে না দেখে নিজের অবস্থাকে মরুভূমিতে হারিয়ে যাওয়া মানুষের সঙ্গে তুলনা করেছেন।
হেলিকপ্টারটি কালো রঙের, এবং গায়ে খোদাই করা রয়েছে জ্যাকলিনের নামের আদ্যক্ষর। সুকেশের দাবি, মুম্বাইয়ের যানজট এড়িয়ে জ্যাকলিন যেন সহজে যাতায়াত করতে পারেন, এজন্যই বিশেষ এই হেলিকপ্টারটি কিনেছেন। তিনি নিশ্চিত করেছেন যে এটি তিনি নিজের ‘কষ্টার্জিত’ অর্থ দিয়ে কিনেছেন, কোনো অপরাধের টাকা দিয়ে নয়।
আইনি জটিলতার কারণে জ্যাকলিন যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, তার জন্যও চিঠিতে ক্ষমা চেয়েছেন সুকেশ। তিনি লিখেছেন, “দূরত্ব থাকলেও আমাদের প্রেমই সেতুর মতো কাজ করছে। আমার কারণে তোমাকে যা সহ্য করতে হচ্ছে, তা তোমার প্রাপ্য ছিল না। জ্যাকলিনের মনের ওপর অন্য কোনো পুরুষের অধিকার নেই।”
এটি নতুন নয়; গত বছরের ভালোবাসা দিবসেও তিনি জ্যাকলিনকে একটি প্রাইভেট জেট উপহার দিয়েছিলেন, যার নম্বর অভিনেত্রীর জন্ম তারিখ অনুসারে এবং গায়ে লেখা ছিল তার নামের আদ্যক্ষর। সে সময়ও জেল থেকে দীর্ঘ চিঠি পাঠিয়ে ভালোবাসা প্রকাশ করেছিলেন।

উল্লেখ্য, সুকেশ চন্দ্রশেখর প্রায় ২০০ কোটি রুপি জালিয়াতির মামলায় দীর্ঘদিন ধরে ভারতের কারাগারে বন্দি আছেন। জ্যাকলিন ফার্নান্দেজ বারবার সম্পর্ক অস্বীকার করলেও, সুকেশ নিয়মিত জেল থেকে চিঠি ও দামি উপহার পাঠিয়ে আলোচনায় থাকছেন।