বিনোদন
মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্ট উধাও
অভিনেত্রী মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্ট হঠাৎ উধাও হয়ে গেছে। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে দেওয়া একটি পোস্টকে ঘিরে সমালোচনার মধ্যে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
শাওনের ঘনিষ্ঠজন ও লেখক তামান্না সেতু দাবি করেছেন, বিপুল পরিমাণ রিপোর্টের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমটির কর্তৃপক্ষ তার অ্যাকাউন্টটি সাসপেন্ড করেছে।
শনিবার (৫ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তামান্না সেতু লেখেন, বন্ধুর অ্যাকাউন্টে অতিরিক্ত রিপোর্ট পড়ায় সেটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, যে পোস্টটি ঘিরে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছিল, সেটি শাওন নিজে মুছে দেননি। এ তথ্য তাকে নিজেই জানিয়েছেন মেহের আফরোজ শাওন।
এর আগে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে শাওনসহ ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। রাষ্ট্র সংলাপ ফোরামের নেতারা এ অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়, তাদের বক্তব্যের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত মেহের আফরোজ শাওনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে সামাজিক যোগাযোগমাধ্যমটির মূল প্রতিষ্ঠান মেটাও অ্যাকাউন্ট সাসপেন্ডের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।