বিনোদন

বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলেন বেকহ্যামপুত্র ব্রুকলিন


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৬:৪৪ পিএম

বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলেন বেকহ্যামপুত্র ব্রুকলিন
ছবি: সংগৃহীত

প্রকাশ্যে পরিবারকে নিয়ে বিতর্কিত পরিস্থিতি তৈরি করেছেন ডেভিড ও ভিক্টোরিয়ার জ্যেষ্ঠ পুত্র ব্রুকলিন বেকহ্যাম। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, পরিবার এবং তাদের ঘনিষ্ঠ দলের একাধিক মন্তব্য এবং আচরণের কারণে তিনি আর কোনো সমঝোতায় যেতে আগ্রহী নন।

ব্রুকলিনের অভিযোগ, তার বাবা-মা দীর্ঘদিন ধরে তার এবং স্ত্রী নিকোলা পেল্টজের সম্পর্কে বাধা সৃষ্টি করেছেন। তিনি বলেন, বিয়ের আগে তার মা হঠাৎ নিকোলার জন্য তৈরি করা পোশাক বানানো বন্ধ করে দেন, ফলে নিকোলাকে শেষ মুহূর্তে বিকল্প ব্যবস্থা করতে হয়।

সাথে ব্রুকলিন আরও দাবি করেন, পরিবারের পক্ষ থেকে তাকে পারিবারিক পদবি ছাড়ার জন্য চাপ দেওয়া হয়েছিল এবং প্রলোভনও দেখানো হয়েছিল। তার মা তাকে ‘অশুভ’ বা ‘ইভিল’ হিসেবে আখ্যা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

backham.jpg

পরিবারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পর থেকে ব্রুকলিন প্রকাশ্য ও ব্যক্তিগতভাবে একাধিক আক্রমণের শিকার হয়েছেন। তিনি অভিযোগ করেন, তার ছোট ভাইদের সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে বক্তব্য রাখতে উসকানি দেওয়া হয়েছে, যার ফলে তাদের সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

এর আগে ছোট ভাই ক্রুজ বেকহ্যাম বলেছিলেন, ডেভিড ও ভিক্টোরিয়া ব্রুকলিনকে ব্লক করেননি; বরং ব্রুকলিনই তাদের ব্লক করেছেন। একই সঙ্গে ব্রুকলিন পরিবার সম্পর্কিত কিছু গুঞ্জনের সঠিকতাও অস্বীকার করেছেন।

ব্রুকলিনের প্রকাশ্য অভিযোগ এবং পরিবারে চলমান দ্বন্দ্ব এখন সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।