বিনোদন

লোকেশন ট্র্যাকিং ও নম্বর ফাঁসের দাবি! নির্মাতা মামুন, বান্নাহ ও অভিনেত্রী চমককে প্রকাশ্যে হুমকি


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ পিএম

লোকেশন ট্র্যাকিং ও নম্বর ফাঁসের দাবি! নির্মাতা মামুন, বান্নাহ ও অভিনেত্রী চমককে প্রকাশ্যে হুমকি
ছবি: সংগৃহীত

দেশের বিনোদন অঙ্গনে নতুন করে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নির্মাতা অনন্য মামুন, মাবরুর রশিদ বান্নাহ এবং অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ডাল্টন সৌভাতো হীরা’ নামের একটি অ্যাকাউন্ট থেকে এসব হুমকি দেওয়া হয় বলে জানা গেছে।

ওই ফেসবুক পোস্টে হুমকিদাতা দাবি করেছেন, ইতোমধ্যে অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের ব্যক্তিগত মোবাইল নম্বর ফাঁস করে দেওয়া হয়েছে এবং নির্মাতা মাবরুর রশিদ বান্নাহর বর্তমান অবস্থান (লোকেশন) ট্র্যাক করা হচ্ছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর শোবিজ অঙ্গনে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।

জানা গেছে, এর আগেও একই ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকেও হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

হুমকির পোস্টে নির্মাতা অনন্য মামুনকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ও আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়। সেখানে তাকে ‘পিম্প’ বলে আখ্যায়িত করে লেখা হয়, “এই বাটপারের নাম উল্লেখ করতেও কাল ভুলে গেছিলাম। অনন্য মামুন—দ্য পিম্প। ও যেন সহি সালামতে ভালো থাকে। আর ওর কোনো সিনেমা যেন কেউ প্রডিউস করার চেষ্টা না করে। করলে সেটা নিজ দায়িত্বে করবে।”

একই পোস্টে নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে কাজ না দেওয়ার আহ্বান জানিয়ে মিডিয়া সংশ্লিষ্টদের উদ্দেশে সতর্কবার্তা দেওয়া হয়। হুমকিদাতা অভিযোগ করেন, ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবন ভাঙচুরের ঘটনায় তারা উল্লাস প্রকাশ করেছিলেন—যদিও এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

 

humki-1-Dhaka Prokah News-19-12-2025.jpg
ছবি: সংগৃহীত

পোস্টে লেখা হয়, “মাবরুর রশীদ বান্নাহ ও রুকাইয়া জাহান চমক, বঙ্গবন্ধুর ৩২ ভাঙার পর কুৎসিত উল্লাসকারী লাল বদর দুজন। এদের যদি মিডিয়ায় কেউ কাজে ডাকার চেষ্টা করেন, তাহলে সেটা নিজ দায়িত্বে ডাকবেন। এই নব্য রাজাকারদের কাজে নেওয়ার ফলে আপনাদের নিরাপত্তা বিঘ্নিত হলে সেটার দায়িত্ব কারো না।”

হুমকির মাত্রা আরও বাড়িয়ে পোস্টে দাবি করা হয়, একটি তথাকথিত আইটি টিমের মাধ্যমে সংশ্লিষ্টদের যাবতীয় তথ্য ও গতিবিধি নজরদারিতে রাখা হচ্ছে। সেখানে বলা হয়, “এই দুই লাল বদরের যাবতীয় এক্সেস ট্রেস করা হবে। আমাদের আইটি টিমের মাধ্যমে সব তথ্য আমাদের হাতে চলে আসবে। এদের প্রাপ্য তাদেরই বুঝিয়ে দেওয়া হবে।”

এছাড়া পোস্টে আরও উল্লেখ করা হয়, ইতোমধ্যে চমকের ব্যক্তিগত ফোন নম্বর সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং বান্নাহ কোথায় অবস্থান করছেন, তা ট্র্যাক করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের প্রকাশ্য হুমকি, ব্যক্তিগত তথ্য ফাঁস এবং নজরদারির দাবিতে শোবিজ অঙ্গনে নতুন করে উদ্বেগ ও নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট শিল্পীদের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।