বিনোদন

অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক নোবেল


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০২:২৮ পিএম

অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক নোবেল
ছবিঃ সংগৃহিত

গায়ক মইনুল আহসান নোবেলকে নিয়ে অভিযোগ ও বিতর্কের যেন শেষ নেই। অর্থ আত্মসাতের মামলায় কদিন আগেই গ্রেপ্তার হয়েছিলেন নোবেল। এবার সে মামলাতেও জামিন পেলেন।

রবিবার (০৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে জামিনের আদেশ প্রদান করেন।  

আসামিপক্ষের আইনজীবী ইমরান হোসেন বলছেন, গত ২ এপ্রিল নোবেলের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছে আদালত। আজকে তার জামিন চেয়ে আবেদন করেছিলাম। আদালত শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় অভিযোগ গঠনের শুনানি পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। এখন তার কারামুক্তিতে আর কোনো বাঁধা নেই।

এর আগে গত ২ ফেব্রুয়ারি গায়ক নোবেলসহ ৫ জনের বিরুদ্ধে একই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২৪ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির করা হয়। ওইদিন শুনানি শেষে আপসের শর্তে তার জামিন মঞ্জুর করেন আদালত। পরে আদালতের হাজতখানা থেকে তিনি মুক্ত হন। এরপর গত ২ এপ্রিল আদালতে হাজিরা দিতে আসেন। ওইদিন বাদীপক্ষে জামিন বাতিল চেয়ে আবেদন করে। সেখানে উল্লেখ করা হয়, আসামি জামিনে গিয়ে শর্ত ভঙ্গ করেছে। এমনকি বাদীকে বাসায় নিয়ে মারধর করেছে। এই ঘটনায় আলাদা মামলাও হয়েছে। পরে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

গত বছরের ১৩ আগস্ট ভুক্তভোগী নারী বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আনাননিয়া শবনম রোজ নামের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন গায়ক নোবেল। পরে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে প্রায় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করেন তিনি। অন্য আসামিরা প্রতারণার কাজে নোবেলকে সহযোগিতা করেছেন বলেও অভিযোগ করা হয়। নোবেল বাদে এই মামলার অন্য আসামিরা হলেন, নোবেলের মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক এবং মাসুদ রানা। 
 
এদিকে তদন্ত শেষে পিবিআইয়ের উপপরিদর্শক নুরুজ্জামান চলতি বছরের ৭ জানুয়ারি অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন দাখিল করেন।