বিনোদন
আমির খানকে দেওয়া প্রাণনাশের হুমকির সূত্র সুইডেন-কানাডায়
বলিউড তারকা আমির খানকে দেওয়া সাম্প্রতিক প্রাণনাশের হুমকির ঘটনায় তদন্তে নতুন তথ্য পেয়েছে পুলিশ। তদন্তকারীদের দাবি, হুমকিমূলক ফোনকল ও অডিও বার্তায় ব্যবহৃত আইপি অ্যাড্রেসের অবস্থান সুইডেন ও কানাডায় শনাক্ত হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কারাবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম ব্যবহার করে দেওয়া এসব হুমকি ‘ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল’ (ভিওআইপি) কলের মাধ্যমে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহে সংশ্লিষ্ট দেশের প্ল্যাটফর্ম ও কর্তৃপক্ষের কাছে ইতোমধ্যে চিঠি পাঠিয়েছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তায় এক ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য ‘আরজু বিষ্ণোই’ বলে পরিচয় দেন। সেখানে হিন্দু নারীদের বিয়ের প্রসঙ্গ তুলে আমির খানের বিরুদ্ধে ‘লাভ জিহাদ’ প্রচারের অভিযোগ আনা হয়।
বার্তায় আরও বলা হয়, এ ধরনের ঘটনা আর সহ্য করা হবে না এবং শিগগিরই অভিনেতার বিরুদ্ধে হামলা চালানো হবে। পাশাপাশি এমন হামলার হুমকি দেওয়া হয়, যাতে ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ নেওয়ার আগে তিনি ও তার সহযোগীরা ‘শতবার চিন্তা করতে বাধ্য হন’।
তদন্ত সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অডিও ক্লিপটি ভারতে ছড়িয়ে পড়ার আগে সম্ভবত এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্ম সিগন্যাল ব্যবহার করে পাঠানো হয়েছিল।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত আমির খানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। এরপরও সাম্প্রতিক সময়ে বলিউডের একাধিক তারকাকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নামে দেওয়া হুমকির বিষয়টি বিবেচনায় নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে প্রশাসন।
ইতোমধ্যে মুম্বাইয়ের বান্দ্রার পালি হিলে অবস্থিত আমির খানের বাসভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। হুমকির সময় তিনি দেশের বাইরে থাকলেও সম্প্রতি ভারতে ফিরেছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস।