বিনোদন

আমি একটু শান্তি চাই, আমাকে একটু বাঁচতে সাহায্য করুন: তাহসান


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৬:০৭ পিএম

আমি একটু শান্তি চাই, আমাকে একটু বাঁচতে সাহায্য করুন: তাহসান
ছবি: সংগৃহীত

গায়ক ও অভিনেতা তাহসান খানের ব্যক্তিগত জীবনে আবারও ভাঙনের খবর এসেছে। গত বছরের শুরুতে রোজা আহমেদের সঙ্গে বিয়ের ঘোষণা দিলেও মাত্র কয়েক মাসের মধ্যেই আলাদা হয়ে গেছেন এই তারকা দম্পতি।

গত শনিবার বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তাহসান নিজেই বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘যে গুজব ছড়িয়েছে, তা সত্য। আমরা আর একসঙ্গে থাকছি না। বেশ কয়েক মাস ধরে আমরা আলাদা। শিগগিরই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

tahsan_roza1_Dhakaprokash.jpg

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত জুলাই মাসের শেষ দিক থেকেই তাহসান ও রোজা আলাদা বসবাস করছেন। এই খবর প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া শুরু হয়। পাশাপাশি তাহসানকে ঘিরে বাড়তে থাকে ফোন কল ও নানা ধরনের অনুসন্ধানী প্রশ্ন।

এ প্রসঙ্গে তাহসান জানান, অতিরিক্ত সংবাদ প্রকাশ ও ফোন কলে তিনি মানসিকভাবে চাপে রয়েছেন। তিনি বলেন, ‘প্রচুর সংবাদ হচ্ছে, প্রচুর ফোন কল আসছে। আমি একটু শান্তি চাই, আমাকে একটু বাঁচতে সাহায্য করুন।’ ব্যক্তিগত এই সময়ে তিনি গণমাধ্যম ও ভক্তদের কাছ থেকে কিছুটা সহানুভূতি ও গোপনীয়তা প্রত্যাশা করছেন বলেও জানান।

উল্লেখ্য, তাহসান খান একজন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা। নাটকে অভিনয়ের মাধ্যমে তার জনপ্রিয়তা আরও বিস্তৃত হয়। এছাড়া কলকাতার অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধে চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

tahsan1_Dhakaprokash.jpg

২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর পেশাদার মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। রোজা দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।

এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে তাহসানের বিয়ে হয়। প্রায় ১১ বছরের সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০১৭ সালে। ওই সংসারে তাহসানের একমাত্র কন্যাসন্তান আইরা তাহরিম খান রয়েছে।