বিনোদন
স্বেচ্ছায় মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে গেলেন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স
মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স আবারও ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তনের পথে হাঁটলেন। সাম্প্রতিক আইনি জটিলতার পর নিজ উদ্যোগেই একটি মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হয়েছেন তিনি, যা তার জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
সম্প্রতি দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার হন এই শিল্পী। গ্রেফতারের পর একদিন কারাগারে থাকার পর মুক্তি পেলেও ঘটনাটি তার ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে নতুন করে আলোচনা তৈরি করে। এরপর নিজের ভুল স্বীকার করে জীবনধারায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন তিনি।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, পরিবারের পূর্ণ সমর্থন নিয়েই তিনি পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হয়েছেন। তার জন্য দীর্ঘমেয়াদি পুনর্বাসন পরিকল্পনাও নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে স্থিতিশীল জীবনযাপন নিশ্চিত করা যায়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ মার্চের ঘটনায় গ্রেফতারের পর একদিন কারাগারে ছিলেন তিনি। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৪ মে ভেনচুরা কাউন্টি সুপিরিয়র কোর্টে হাজির হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ২০০৭-০৮ সালে তার মানসিক স্বাস্থ্য ও ব্যক্তিগত আচরণ নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল। সেই সময় আদালতের নির্দেশে তার ওপর ‘কনজারভেটরশিপ’ আরোপ করা হয়, যার মাধ্যমে তার ব্যক্তিগত ও আর্থিক সিদ্ধান্তের নিয়ন্ত্রণ চলে যায় তার বাবা জেমি স্পিয়ার্সের হাতে।
দীর্ঘ ১৩ বছর পর ২০২১ সালে আইনি লড়াইয়ের মাধ্যমে সেই নিয়ন্ত্রণ থেকে মুক্তি পান তিনি। ‘ফ্রি ব্রিটনি’ আন্দোলনের সাফল্যের মধ্য দিয়ে নিজের জীবনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পান এই পপ তারকা।