পরিবেশ-জলবায়ু
ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর
রাজধানী ঢাকায় আজ শুক্রবার দুপুরের মধ্যে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে প্রকাশিত এক পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে আংশিক মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে।
আজ (১২ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য দেওয়া এই পূর্বাভাসে আরও জানানো হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। তবে দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের আশঙ্কাও করা হয়েছে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।