পরিবেশ-জলবায়ু

মেঘাচ্ছন্ন থাকতে পারে সারা দেশের আকাশ, তাপমাত্রা সামান্য বাড়ার আভাস


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৯:০৭ এএম

মেঘাচ্ছন্ন থাকতে পারে সারা দেশের আকাশ, তাপমাত্রা সামান্য বাড়ার আভাস
ছবি: সংগৃহীত

সারা দেশে আজ মঙ্গলবার (৩ মার্চ) আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে সার্বিকভাবে দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে প্রকাশিত আবহাওয়া বুলেটিনে এ তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী, দেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরে ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা পটুয়াখালীতে ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে দেশের কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমি স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় সক্রিয় রয়েছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে।

ফলে আকাশ মেঘলা থাকলেও তীব্র আবহাওয়ার সম্ভাবনা আপাতত কম বলেই মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।