সারাবিশ্ব

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনায় কানাডা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১২:২৩ পিএম

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনায় কানাডা
ছবি: সংগৃহীত

ফ্রান্স ও যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আসন্ন সেপ্টেম্বরেই জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে এই স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা রয়েছে।

এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে জি-৭ ভুক্ত তিনটি বড় দেশের পক্ষ থেকে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়টি বাস্তব রূপ পাবে, যা আন্তর্জাতিক কূটনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে।

প্রধানমন্ত্রী কার্নি বলেন, “ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় এখন চরমে পৌঁছেছে। পরিস্থিতি প্রতিনিয়ত অবনতি হচ্ছে। তাই বিশ্ব সম্প্রদায়ের উচিত এই সংকটের টেকসই রাজনৈতিক সমাধানের পথ খুঁজে বের করা।”

তবে কানাডা সরকারের এই স্বীকৃতি কিছু নির্দিষ্ট শর্তসাপেক্ষ। প্রধানমন্ত্রী কার্নি জানিয়েছেন, ফিলিস্তিন কর্তৃপক্ষকে নিজস্ব শাসনব্যবস্থায় মৌলিক সংস্কার আনতে হবে, ২০২৬ সালে হামাসকে বাদ দিয়ে সাধারণ নির্বাচন আয়োজন করতে হবে এবং পুরো ভূখণ্ডকে নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দিতে হবে।

বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত শুধু মধ্যপ্রাচ্য নয়, আন্তর্জাতিক ভূরাজনীতিতেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। বিশেষত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র কানাডা যদি স্বীকৃতি দেয়, তবে এটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বৈশ্বিক সমর্থন আরও জোরালো করবে।

প্রসঙ্গত, ২০২৪ সালের শেষদিক থেকে আন্তর্জাতিক মহলে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় উঠে এসেছে। ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ, বিশেষ করে আয়ারল্যান্ড, স্পেন এবং নরওয়ে ইতোমধ্যেই আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। এখন কানাডার মতো গুরুত্বপূর্ণ দেশের পক্ষ থেকে এমন পদক্ষেপ আরও চাপ তৈরি করবে অন্যান্য পশ্চিমা দেশের ওপরও।