সারাবিশ্ব
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭২ জন নিহত, প্রাণহানি ছাড়ালো ৬০ হাজার
ফিলিস্তিনের গাজার উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন কিছুতেই থামছে না। শুক্রবার (৮ আগস্ট) দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় অন্তত ৭২ জন নিহত এবং প্রায় ৩১৪ জন আহত হয়েছেন। এ নিয়ে গাজায় মোট প্রাণহানির সংখ্যা ৬০ হাজার ৩৩০ জনে পৌঁছেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে এই তথ্য জানায়। তারা জানিয়েছে, হাসপাতালে যেসব নিহত ও আহতকে নিয়ে আসা সম্ভব হয়েছে, শুধুমাত্র তাদের হিসেব করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আরও অসংখ্য মৃতদেহ পড়ে রয়েছে, যাদের উদ্ধার সম্ভব হয়নি। উদ্ধার কাজে প্রয়োজনীয় সরঞ্জাম ঘাটতি এবং ইসরায়েলি বোমাবর্ষণের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
নিহতদের মধ্যে ১৬ জন ছিল ত্রাণ নিতে আসা ফিলিস্তিনি, যারা খাদ্য ও ত্রাণ সংগ্রহের সময় নির্বিচারে গুলিবিদ্ধ হয়েছেন। এ পর্যন্ত গাজায় ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন মোট ১ হাজার ৭৭২ জন।
ইসরায়েল সামরিক অভিযানের পাশাপাশি খাদ্য ও ত্রাণ সরবরাহেও কঠোর বাধা সৃষ্টি করেছে, যার ফলে গাজায় দুর্ভিক্ষের মত অবস্থার সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অপুষ্টি ও না খেয়ে ২০১ জন মারা গেছেন, যার মধ্যে ৯৮ জন শিশু।
গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজার ওপর ইসরায়েলের যুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
তবে এসব বিচার-বিচারপাল্লায় না গিয়েই ইসরায়েল তার বর্বরতা অব্যাহত রেখেছে, যা বিশ্বব্যাপী তীব্র নিন্দার মুখে পড়েছে।