সারাবিশ্ব

হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেন গুরিয়নের ফ্লাইট স্থগিত


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১২:৪২ পিএম

হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেন গুরিয়নের ফ্লাইট স্থগিত
ছবি: সংগৃহীত

ইয়েমেন থেকে ছোড়া হুতি বিদ্রোহীদের একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করলে দেশটির কেন্দ্রীয় অঞ্চলে সতর্কতা জারি করা হয়। শুক্রবারের এ ঘটনার পর তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম শাফাক নিউজ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি মাঝ আকাশেই ভেঙে যায়। আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি এটি আটকাতে সক্ষম হয়নি। পরে প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্রের কিছু অংশ ধ্বংস করা সম্ভব হলেও, ধ্বংসাবশেষের কিছু অংশ লড শহরের কাছে গ্যানাটন এলাকার একটি আঙিনায় পড়ে। নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে মোতায়েন করা হয়।

ইসরায়েলের জরুরি সেবাদানকারী সংস্থা মাগেন ডেভিড আদম (এমডিএ) জানিয়েছে, সরাসরি কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে কয়েকজন মানুষ আহত হয়েছেন।

এর আগে, শুক্রবার সকালে ইয়েমেন থেকে ছোড়া হুতিদের একটি ড্রোন সফলভাবে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়।

হামলার প্রভাব শুধুমাত্র বেন গুরিয়নের বিমানবন্দরেই সীমিত হয়নি। গাজা সীমান্তবর্তী একাধিক এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। প্রথমে বনি নেটজারিম ও নাভেহ এলাকায় সতর্কতা জারি করা হয়, পরে তা ছড়িয়ে পড়ে ডেকেল, তালমি ইয়োসেফ, মিভতাহিম, আমিওজ, ইয়েশা, এসদে নিটজান ও ইন হাবেসর এলাকায়।

এ পর্যন্ত এই হামলা নিয়ে হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।