সারাবিশ্ব

দুর্ভিক্ষে ভেঙে পড়ছে গাজা, অনাহারে মৃতের সংখ্যা বাড়ল ৩১৩-এ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৯:৩৪ এএম

দুর্ভিক্ষে ভেঙে পড়ছে গাজা, অনাহারে মৃতের সংখ্যা বাড়ল ৩১৩-এ
ছবি: সংগৃহীত

ইসরায়েলের অবরোধ ও চলমান হামলার কারণে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডে তীব্র দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে। তাজা তথ্য অনুযায়ী, অপুষ্টি ও অনাহারের কারণে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুই শিশু রয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অনাহারে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৩ জনে, যার মধ্যে ১১৯ জন শিশু।

জাতিসংঘ সতর্ক করেছে, গাজার শিশুদের মধ্যে এক লাখ ৩০ হাজারের বেশি তীব্র অপুষ্টির ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোও বলছে, দুর্ভিক্ষ এখানে এখন বাস্তবতা, কারণ অবরুদ্ধ ভূখণ্ডে মানবিক সহায়তা প্রবেশ করতে পারছে না। ফলে অনাহারে মৃত্যুর ঘটনা ক্রমবর্ধমান।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া এক বিবৃতিতে কর্মকর্তারা বলেন, গাজায় দুর্ভিক্ষ এবং ব্যাপক ক্ষুধা ইচ্ছাকৃতভাবে সৃষ্ট মানবসৃষ্ট বিপর্যয়।

মানবিক সহায়তা বিষয়ক উপপ্রধান জয়েস মুসুইয়া জানিয়েছেন, বিশেষ করে উত্তর-মধ্য গাজা ও গাজা সিটিতে দুর্ভিক্ষের পরিস্থিতি তীব্র। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, সেপ্টেম্বরের শেষ নাগাদ দক্ষিণের দেইর আল-বালাহ ও খান ইউনিসে এই দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে।

তিনি বলেন, বর্তমানে পাঁচ লাখের বেশি মানুষ অনাহার, দারিদ্র্য ও মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন, যা সেপ্টেম্বরের শেষে ৬ লাখ ৪০ হাজার ছাড়াতে পারে। গাজার কোনো মানুষই ক্ষুধার হাত থেকে বাঁচতে পারছে না।

এ পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য তৎপরতা এবং মানবিক সহায়তার তৎপরতা বৃদ্ধির জরুরি আহ্বান জানাচ্ছে।