সারাবিশ্ব
রাষ্ট্রীয় মর্যাদায় আজ দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তিনি নিহত হন।
জন্মস্থান মাশহাদে তাকে সমাহিত করা হবে। এর আগে ইরাকের ঐতিহাসিক কারবালা থেকে তার মরদেহ ইরানে নেওয়া হয়। পরে জানাজার জন্য মরদেহ রাখা হয় ইমাম রেজার মাজার প্রাঙ্গণে।
১৯৩৯ সালে জন্মগ্রহণ করা আয়াতুল্লাহ আলি খামেনির জন্ম ও বেড়ে ওঠা মাশহাদে। ইরানের দ্বিতীয় বৃহত্তম এই শহরে প্রায় ৩০ লাখ মানুষের বসবাস। শিয়া মুসলমানদের কাছে শহরটি অত্যন্ত পবিত্র হিসেবে পরিচিত। শিয়াদের বারো ইমামের অন্যতম ইমাম রেজার মাজারও এখানেই অবস্থিত।
আয়াতুল্লাহ আলি খামেনিকে ইমাম রেজার মাজার প্রাঙ্গণে দাফনের সিদ্ধান্তকে ধর্মীয় মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
শিয়া ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, নবম শতকে বিষ প্রয়োগে ইমাম রেজাকে হত্যা করা হয়েছিল। পরবর্তীতে তাকে মাশহাদেই সমাহিত করা হয়।
বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির জন্মও মাশহাদে। এছাড়া ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জন্মও এই পবিত্র শহরে। ২০২৪ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার পর তাকে ইমাম রেজার মাজার প্রাঙ্গণেই দাফন করা হয়। একসময় তাকে ইরানের ভবিষ্যৎ সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচনা করা হলেও দুর্ঘটনায় তার মৃত্যু সেই সম্ভাবনার অবসান ঘটায়।