সারাবিশ্ব

‘ইরানে নেই মোজতবা খামেনি’, সৌদি সংবাদমাধ্যমের দাবিতে নতুন গুঞ্জন


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৬:৪৫ পিএম

‘ইরানে নেই মোজতবা খামেনি’, সৌদি সংবাদমাধ্যমের দাবিতে নতুন গুঞ্জন
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে দেশে অবস্থান করছেন না এমন দাবি করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-হাদাথ। একটি ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, তার নামে যেসব বার্তা প্রচারিত হচ্ছে, সেগুলো তিনি নিজে লিখছেন না।

প্রতিবেদনে আরও বলা হয়, এসব বার্তা তৈরি করছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নতুন প্রধান আহমাদ ওয়াহিদি ও বাহিনীর অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। এর মাধ্যমে দেশে ক্ষমতা ও নিয়ন্ত্রণ অব্যাহত আছে এমন একটি কৃত্রিম পরিস্থিতি তুলে ধরার চেষ্টা চলছে বলে দাবি করা হয়েছে।

তবে মোজতবা খামেনি বর্তমানে কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য বা প্রমাণ তুলে ধরা হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইরানের অভ্যন্তরে বিভাজন ও দ্বন্দ্ব এখন তীব্র আকার ধারণ করেছে, যা দেশটির শক্তিশালী এই বাহিনীর অস্তিত্বকেও হুমকির মুখে ফেলতে পারে।

এদিকে চলমান উত্তেজনা প্রসঙ্গে ওই ইসরায়েলি সূত্রের দাবি, ইরান যদি ইসরায়েলের ওপর হামলা চালায়ও, যুক্তরাষ্ট্র চায় না যে ইসরায়েল পাল্টা ইরানে আঘাত হানুক।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও মার্কিন বাহিনীর আকস্মিক হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। ওই ঘটনায় গুরুতর আহত হন মোজতবা খামেনি, যদিও প্রাণে বেঁচে যান।

এরপর ৮ মার্চ তিনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন। তবে দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ সময় ধরে তিনি কেবল লিখিত বিবৃতি দিচ্ছেন, জনসমক্ষে দেখা দেননি। তার সাম্প্রতিক কোনো ছবি, ভিডিও বা অডিও প্রকাশিত হয়নি। এমনকি আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যেও তাকে দেখা যায়নি, যা তার অবস্থান ও শারীরিক সক্ষমতা নিয়ে নানা প্রশ্ন তৈরি করেছে।

এর আগে বিভিন্ন পশ্চিমা ও কুয়েতি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য গোপনে রাশিয়ার রাজধানী মস্কোতে নেওয়া হয়েছে। যদিও ইরান সরকার আনুষ্ঠানিকভাবে সেই দাবি অস্বীকার করে জানিয়েছে, তার শারীরিক অবস্থা ভালো আছে।

অন্যদিকে মার্কিন গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে পরিচিত একটি সূত্র আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, হামলায় তার মুখমণ্ডল বিকৃত হয়েছে এবং পায়ে গুরুতর আঘাত লেগেছে। এমনকি একটি সূত্র দাবি করেছে, তিনি একটি পা হারিয়েছেন। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি ইরান সরকার।

সূত্র: টাইমস অব ইসরায়েল