সারাবিশ্ব

ওমরাহ যাত্রায় বড় পরিবর্তন: এক বছরের ভিসা চালু করল সৌদি আরব


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১০:২২ পিএম

ওমরাহ যাত্রায় বড় পরিবর্তন: এক বছরের ভিসা চালু করল সৌদি আরব
ছবি: সংগৃহীত

ওমরাহ পালনকে আরও সহজ ও সুবিধাজনক করতে ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে সৌদি আরব। দেশটির পর্যটন খাতকে আরও গতিশীল করার অংশ হিসেবে ওমরাহ ভিসার মেয়াদ বাড়িয়ে এক বছর বা ৩৬৫ দিন করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এই ভিসা দিয়ে এক বছরে একাধিকবার দেশটিতে প্রবেশ করা যাবে এবং প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থান করা সম্ভব হবে।

সোমবার (২০ জুলাই) সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, সৌদিতে প্রবেশের আগে ভিসাধারীদের সরকারি অনলাইন প্ল্যাটফর্ম নুসুক থেকে নির্ধারিত প্যাকেজ কিনতে হবে। তবে প্যাকেজের মেয়াদ কখনোই ভিসার অবশিষ্ট সময়ের চেয়ে বেশি হতে পারবে না। পাশাপাশি ভ্রমণের আগে নুসুক অ্যাপ ব্যবহার করে ওমরাহর অনুমতিপত্র সংগ্রহ করাও বাধ্যতামূলক করা হয়েছে।

এদিকে হজ মৌসুমে ওমরাহ ভিসা সাময়িকভাবে বন্ধ থাকবে। আরবি জিলকদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত এই ভিসা কার্যকর থাকবে না। এই সময়ের মধ্যে কোনো ভিসাধারী সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

সৌদি প্রেস এজেন্সি আরও জানায়, ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান ঘোষিত ‘সৌদি ভিশন ২০৩০’-এর লক্ষ্য অর্জনের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন এই ব্যবস্থার ফলে ওমরাহ পালনকারীদের জন্য সৌদি সফর আগের তুলনায় আরও সহজ, নমনীয় ও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র : গালফ নিউজ