সারাবিশ্ব
নতুন দুই আকাশ-প্রতিরক্ষা মিসাইলের সফল পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া নতুন দুটি আকাশ-প্রতিরক্ষা মিসাইলের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। রবিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, কোরিয়ার নেতা কিম জং উন নিজেই এই পরীক্ষার তদারকি করেছেন।
কেসিএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের পরীক্ষায় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উচ্চ যুদ্ধ সক্ষমতা প্রদর্শন করেছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, দুটি মিসাইলের প্রযুক্তিগত বৈশিষ্ট্য বিভিন্ন লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য অত্যন্ত কার্যকর।
এই পরীক্ষা এমন সময়ে করা হলো যখন মাত্র কয়েক ঘণ্টা আগে দক্ষিণ কোরিয়া জানিয়েছিল, উত্তর কোরিয়ার প্রায় ৩০ জন সেনা সাময়িকভাবে ডিমিলিটারাইজড জোন (ডিএমজেড) অতিক্রম করলে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। এ ঘটনায় পিয়ংইয়ং সিউলের বিরুদ্ধে ‘ইচ্ছাকৃত উসকানি’ করার অভিযোগ তোলে।
একই সময়, সোমবার থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বৃহৎ পরিসরের যৌথ সামরিক মহড়া চালাবে। একই দিনে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট লি জে মিয়ং-এর মধ্যে শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে। লি নির্বাচনী প্রচারণায় আন্তঃকোরীয় সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার করেছিলেন, তবে ইতোমধ্যে কিম জং উনের বোন সিউল সরকারের সমঝোতার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছেন।
সূত্র: আল-জাজিরা, জাপান টাইমস