সারাবিশ্ব
বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের
লেবাননে ইরানের দূতাবাসে কোনো ধরনের হামলা হলে বিশ্বব্যাপী ইসরায়েলের সব দূতাবাসকে লক্ষ্য করে হামলা চালানো হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।
বুধবার দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি এ হুঁশিয়ারি দেন।
বৈরুতে ইরানের কূটনৈতিক মিশনের বিরুদ্ধে সম্ভাব্য ইসরায়েলি হামলার হুমকির বিষয়ে তিনি বলেন, ইসরায়েল নামের ‘অপরাধী রাষ্ট্র’ বারবার আন্তর্জাতিক সীমানা ও কূটনৈতিক রীতিনীতি উপেক্ষা করেছে।
তিনি দাবি করেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ব্যাপক সামরিক সক্ষমতা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক বিবেচনা ও অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের প্রতি সম্মান দেখিয়ে সংযম প্রদর্শন করেছে।
শেকারচি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া বিশ্বের অন্য কোনো দেশের সঙ্গে ইরানের শত্রুতা বা বিরোধ নেই। তবে লেবাননে ইরানি দূতাবাসে আঘাত এলে ইরান বিশ্বজুড়ে থাকা সব ইসরায়েলি দূতাবাসকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করতে বাধ্য হবে।
তিনি সতর্ক করে বলেন, এ ধরনের আগ্রাসন হলে ইরান নিঃসন্দেহে পাল্টা জবাব দেবে। পাশাপাশি চলমান সংঘাতে ইসরায়েল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রকে পরাস্ত করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।