সারাবিশ্ব
হরমুজ প্রণালীর কাছে তেলবাহী ট্যাংকারে ইরানের ড্রোন হামলা
পারস্য উপসাগরীয় অঞ্চলে মাল্টার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। হামলার লক্ষ্য ছিল ‘প্রাইমা’ নামের একটি তেল ও রাসায়নিক পদার্থবাহী জাহাজ।
শনিবার (৭ মার্চ) ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির তথ্যের বরাতে এ খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালীতে নিরাপত্তাজনিত কারণে জাহাজ চলাচল সীমিত করা হয়েছিল। এ অবস্থায় নৌবাহিনীর পক্ষ থেকে একাধিকবার সতর্কবার্তা দেওয়া হলেও সংশ্লিষ্ট ট্যাংকারটি নির্দেশনা উপেক্ষা করে চলাচল অব্যাহত রাখে। পরে সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকালে ‘আইন লঙ্ঘনকারী’ হিসেবে উল্লেখ করা ওই ট্যাংকারের ওপর ড্রোন হামলা চালানো হয়।
মেরিন ট্রাফিক ওয়েবসাইটের তথ্য বলছে, ‘প্রাইমা’ নামের জাহাজটি তেল ও রাসায়নিক পদার্থ বহনের কাজে ব্যবহৃত হয় এবং এটি মাল্টার পতাকাবাহী হিসেবে নিবন্ধিত।