সারাবিশ্ব

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ২০ জন নিহত, গবাদি পশু লুট


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৩:৪০ পিএম

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ২০ জন নিহত, গবাদি পশু লুট
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার মধ্যাঞ্চলের একটি গ্রামে বন্দুকধারী হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। হামলাকারীরা পরে গবাদি পশুসহ বিভিন্ন সম্পদ লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় একটি উন্নয়ন সংস্থা।

স্থানীয় সংগঠন কানাম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, গত শুক্রবার দেশটির মধ্যাঞ্চলের প্লাতু রাজ্যে এ হামলার ঘটনা ঘটে।

সংস্থাটি জানায়, বন্দুকধারীরা নিয়মিত টহলরত নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে গোলাগুলির সময় ১২ জন নিরাপত্তা সদস্য নিহত হন। একই ঘটনায় আরও ৮ জন গ্রামবাসী প্রাণ হারান।

হামলার পর বন্দুকধারীরা কাছের একটি গ্রামে ঢুকে গবাদি পশুসহ বিভিন্ন সম্পদ লুট করে নিয়ে যায়। সংস্থাটির মতে, এই হামলায় আগে থেকেই ঝুঁকিপূর্ণ গ্রামীণ জনগোষ্ঠীর দুর্ভোগ আরও বেড়ে গেছে।

নাইজেরিয়ায় গ্রামবাসীরা যেসব সশস্ত্র গোষ্ঠীকে ‘ডাকাত’ বলে উল্লেখ করে, তারা প্রায়ই গ্রামগুলোতে হামলা চালিয়ে হত্যা, অপহরণ এবং মুক্তিপণের জন্য লুটপাট করে থাকে।

সাম্প্রতিক বছরগুলোতে এ অঞ্চলের গ্রামগুলো বারবার হামলা ও অপহরণের শিকার হয়েছে। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া বর্তমানে বিদ্রোহসহ বিভিন্ন নিরাপত্তা সংকটের মুখে রয়েছে। দেশটির সেনাবাহিনী চরমপন্থী ইসলামপন্থী সহিংসতার বিস্তার ঠেকাতে লড়াই করছে। তবে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
 
খবর বার্তা সংস্থা এএফপি।