সারাবিশ্ব
পাকিস্তানে তীব্র জ্বালানি সংকট, পেট্রোলের দাম বাড়ল প্রায় ৪৩ শতাংশ
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে পাকিস্তানে এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো জ্বালানি তেলের দাম বাড়িয়েছে দেশটি। এক ধাক্কায় ডিজেল ও পেট্রোলের দাম বেড়েছে যথাক্রমে ৫৫ ও ৪৩ শতাংশ।
গতকাল বৃহস্পতিবার (০২ এপ্রিল) নতুন ঘোষণায় দেশটিতে পেট্রোলের দাম লিটারপ্রতি ১৩৭ রুপি বেড়ে ৪৫৮.৪ পাকিস্তানি রুপিতে পৌঁছেছে, যা ৪৩ শতাংশ বৃদ্ধি। অন্যদিকে হাই-স্পিড ডিজেলের দাম ১৮৫ রুপি বেড়ে দাঁড়িয়েছে ৫২০.৩৫ রুপিতে, যা দেশটির ইতিহাসে অন্যতম বড় মূল্যবৃদ্ধি।
এছাড়াও কেরোসিনের দাম লিটারপ্রতি ৩৪ রুপি বেড়ে ৪৬৮ রুপি এবং লাইট ডিজেল অয়েলের দাম ৩০ রুপি বেড়ে ৩৯৫ রুপিতে নির্ধারণ করা হয়েছে। এর আগে, গত ৬ মার্চ পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি ৫৫ রুপি বাড়ানো হয়েছিল।
পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলি পারভেজ মালিক জানান, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এই মূল্যবৃদ্ধি অনিবার্য ছিল। আমেরিকা-ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় সরকারকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
তবে তেলের মূল্যবৃদ্ধির এই সময়ে নিম্নআয়ের জনগোষ্ঠী, কৃষক, মোটরসাইকেল চালক এবং গণপরিবহন খাতকে লক্ষ্য করে সীমিত ভর্তুকি দেওয়ার পরিকল্পনাও নিয়েছে দেশটির সরকার।
প্রসঙ্গত, পাকিস্তান তার জ্বালানি চাহিদার একটি বিশাল অংশের জন্য আমদানিকৃত তেলের ওপর নির্ভরশীল। তারা সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকেই অধিকাংশ তেল আমদানি করে থাকে, যা হরমুজ প্রণালির মধ্য দিয়ে পরিবাহিত হয়।
খবর: রয়টার্স