সারাবিশ্ব

সিরিয়ায় মুখোমুখি বাস সংঘর্ষে প্রাণ গেল ৩৫ জনের, আহত বহু


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৯:২৭ এএম

সিরিয়ায় মুখোমুখি বাস সংঘর্ষে প্রাণ গেল ৩৫ জনের, আহত বহু
ছবি: সংগৃহীত

সিরিয়ার দিয়ের আল-জোর থেকে রাজধানী দামেস্কের সংযোগকারী মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

শনিবার (২৫ জুলাই) সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানাকে বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, পূর্বাঞ্চলীয় সিরিয়া ও রাজধানীকে যুক্ত করা প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ মহাসড়কের আল-সুখনা ও পালমিরা এলাকার মাঝামাঝি স্থানে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একটি বাসে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিলেন, অপরটিতে ছিলেন সাধারণ যাত্রীরা।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয় এবং গুরুতর আহতদের দ্রুত হমসের সামরিক হাসপাতালে নিতে কয়েকটি হেলিকপ্টার মোতায়েন করা হয়।

স্থানীয় সূত্র বলছে, যে মহাসড়কে দুর্ঘটনাটি ঘটেছে সেটির নিরাপত্তা ব্যবস্থা দীর্ঘদিন ধরেই দুর্বল। প্রায় ১৪ বছর ধরে চলমান গৃহযুদ্ধের কারণে সিরিয়ার বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে গত বছরের অক্টোবরে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সাড়া বিষয়ক মন্ত্রী রায়েদ আল-সালেহ জানিয়েছিলেন, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সিরিয়ায় দুই হাজারের বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, এসব দুর্ঘটনা দেশটিতে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে।