সারাবিশ্ব
সিন্ধু নদে বাঁধ নির্মাণ শেষ হলে ১০টি মিসাইল হামলার হুমকি পাকিস্তান সেনাপ্রধানের (ভিডিও)
মাত্র দুই মাসের ব্যবধানে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির। ফ্লোরিডার টাম্পায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ভারতকে উদ্দেশ করে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তার বক্তব্য অনুযায়ী, সিন্ধু নদে ভারতের বাঁধ নির্মাণ শেষ হওয়ার অপেক্ষা করবেন তিনি, তারপর সেখানে ১০টি মিসাইল নিক্ষেপ করবেন।
অনুষ্ঠানে অসিম মুনির বলেন, “যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখে পড়ে এবং দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছায়, তবে আমরা বিশ্বের অর্ধেককে ধসিয়ে দেব। এরপর নিজেরাও ধ্বংস হবো।” তিনি স্পষ্টভাবে জানান, পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ, এবং প্রয়োজনে এই ক্ষমতা ব্যবহার করতে দ্বিধা করবে না। এই বক্তব্যে তিনি কার্যত পুরো অঞ্চলে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন।
এর আগে চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চারদিনব্যাপী সংঘাত হয়। তারও আগে এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত সিন্ধু নদ চুক্তি বাতিল করে এবং পাকিস্তানকে পানি সরবরাহ বন্ধের হুমকি দেয়। এই পরিস্থিতিতেই পাকিস্তান সেনাপ্রধানের সর্বশেষ মন্তব্য নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।