সারাবিশ্ব
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, আতঙ্কে রাস্তায় মানুষ
উত্তর আফগানিস্তানে সোমবার ভোরে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে, যার কেন্দ্রস্থল ছিল মাজার-ই-শরিফের কাছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৩। এটি খোলম নামের একটি এলাকার কাছাকাছি, ২৮ কিলোমিটার গভীরে আঘাত হানে। খোলম শহরে প্রায় ৬৫ হাজার মানুষ এবং মাজার-ই-শরিফে ৫ লাখ ২৩ হাজার মানুষ বসবাস করেন।
ভূমিকম্পের পর সেখানকার বাসিন্দারা আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। ফরাসি সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, "রাতের অন্ধকারে অনেকেই আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসে।" এখন পর্যন্ত হতাহতের সঠিক তথ্য পাওয়া যায়নি, তবে আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এবং তাদের সতর্কতা সিস্টেমে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে, যার মানে হলো, "বড় ধরনের প্রাণহানি হতে পারে এবং দুর্যোগের প্রভাব ব্যাপক হতে পারে।"
এটি আফগানিস্তানে গত দুই মাসে দ্বিতীয় বড় ভূমিকম্প। এর আগে আগস্টে পূর্ব আফগানিস্তানে ৬.০ মাত্রার ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ মারা গিয়েছিল। ভূমিকম্পে কাঁচামাটির তৈরি বাড়িঘরগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আফগানিস্তানের অনেক গ্রামীণ এলাকা এখনও এমন ঘরবাড়িতে ভরসা করে, ফলে প্রতিবারই ভূমিকম্পে বড় ক্ষতি হয়।
আফগানিস্তানে ভূমিকম্পের ঘটনা নিয়মিত। দেশটি হিন্দুকুশ পর্বতমালার কাছে অবস্থিত, যেখানে ইউরেশিয়ান ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থল। প্রতি বছর গড়ে প্রায় ৫৬০ জন মানুষ ভূমিকম্পে মারা যান এবং প্রায় ৮ কোটি ডলারের ক্ষতি হয়। ১৯৯০ সাল থেকে এ পর্যন্ত অন্তত ৩৫৫টি ভূমিকম্পে দেশটি কেঁপে উঠেছে, যেগুলোর মাত্রা ছিল ৫.০ বা তার বেশি।