সারাবিশ্ব

দিল্লির প্রেসক্লাবে মোদির পূজা, মন্দির নির্মাণের ঘোষণা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১০:২৭ এএম

দিল্লির প্রেসক্লাবে মোদির পূজা, মন্দির নির্মাণের ঘোষণা
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পূজা করেছেন তৃতীয় লিঙ্গের কয়েকজন মানুষ। বৃহস্পতিবার (২০ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে মোদির ছবি সংবলিত একটি কার্ডবোর্ড রাখা হয়। এ সময় ‘জয় জয় মোদি’ ও ‘হর হর মোদি’ স্লোগান দেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে নরেন্দ্র মোদিকে উৎসর্গ করে একটি মন্দির নির্মাণের ঘোষণা দিয়েছেন তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের সদস্যরা। মন্দির নির্মাণের জন্য নির্ধারিত এলাকাতেই বৃহস্পতিবার পূজার আয়োজন করা হয়। এতে তৃতীয় লিঙ্গের নেতা ড. রাজন সিং ও মহামণ্ডলেশ্বর বৈভবী মহারাজ উপস্থিত ছিলেন।

আয়োজকেরা কর্মসূচিটির নাম দিয়েছেন ‘শ্রী মোদি চালিশা’। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে প্রচলিত ‘হনুমান চালিশা’র আদলে এ নামকরণ করা হয়েছে। মোদির পূজার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে।

তবে এ আয়োজনের সঙ্গে প্রেস ক্লাব অব ইন্ডিয়ার কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের দাবি, আয়োজকেরা সংবাদ সম্মেলন করার কথা বলে প্রেসক্লাবের একটি হল ভাড়া নিয়েছিলেন। কিন্তু সেখানে সংবাদ সম্মেলনের পরিবর্তে পূজার আয়োজন করা হয়।

বিষয়টি জানতে পেরে প্রেস ক্লাব কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করে অনুষ্ঠানটি বন্ধ করে দেয়। তাদের ভাষ্য, এ ধরনের আয়োজন হল ভাড়ার চুক্তির শর্তের সরাসরি লঙ্ঘন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রেস ক্লাব অব ইন্ডিয়া জানায়, তাদের প্রাঙ্গণে এমন একটি অনুষ্ঠানের ছবি ও ভিডিও তাদের নজরে এসেছে। তবে এ আয়োজনের সঙ্গে প্রেস ক্লাব কর্তৃপক্ষের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

সংগঠনটি আরও জানায়, হলটি শুধুমাত্র সংবাদ সম্মেলনের জন্য ভাড়া দেওয়া হয়েছিল। ভাড়াটেরা চুক্তির শর্ত ভঙ্গ করায় তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।