আইন আদালত
ঢাকায় যাত্রা শুরু ই-পারিবারিক আদালত: বিচারব্যবস্থায় ডিজিটাল যুগের নতুন অগ্রযাত্রা
ঢাকা মহানগর আদালতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ই-পারিবারিক আদালত। দেশে প্রথমবারের মতো চালু হওয়া এই ডিজিটাল বিচারসেবা পারিবারিক মামলার দীর্ঘসূত্রতা কমানো, খরচ হ্রাস, কাগজনির্ভরতা দূরীকরণ এবং বিচারপ্রার্থীদের সময় ও ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সোমবার (২৪ নভেম্বর) আইন উপদেষ্টা আসিফ নজরুল নতুন এ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “এই উদ্যোগ সকল পক্ষকে গ্রহণ করতে হবে। ভবিষ্যতে যে সরকারই আসুক, এই প্রক্রিয়া চলমান রাখা জরুরি। তা না হলে এই অগ্রযাত্রা হারিয়ে যেতে পারে।”
ই-পারিবারিক আদালত চালুর ফলে বিচারপ্রার্থীরা এখন থেকে- দ্রুত অনলাইন প্রক্রিয়ায় মামলা পরিচালনা, ন্যূনতম খরচে সেবা গ্রহণ, ঘরে বসে কাগজবিহীন ডিজিটাল নথি ব্যবহারের সুবিধা, সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা মামলা রেজিস্ট্রেশন, এর মতো আধুনিক সুযোগ পাবেন। ফলে দূরত্ব, আদালতের ভিড়, অতিরিক্ত খরচ, দীর্ঘ অপেক্ষা বা কাগজপত্র হারানোর সমস্যা অনেকটাই কমে আসবে।
ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনের জগন্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “এটি বিচারব্যবস্থার জন্য বড় অগ্রগতি। পাশাপাশি পেপারলেস আদালত পরিবেশের জন্যও অত্যন্ত ইতিবাচক।”
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “এই ডিজিটাল কার্যক্রম আইন পেশাজীবীদের আরও দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করবে।”
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বলেন, “ই-পারিবারিক আদালত বিচারব্যবস্থাকে পেপারলেস সিস্টেমের দিকে এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”