আইন আদালত
রিজার্ভ চুরির মামলা নিউইয়র্কের আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি রিজার্ভ চুরির মামলার গুরুত্বপূর্ণ জবানবন্দি প্রদানের জন্য ঢাকা থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সাবেক কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আদালতের নির্ধারিত সময়সূচি অনুযায়ী তিনি আগামী ১০ এপ্রিল এই মামলার সাক্ষ্য দেবেন।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর অভ্যন্তরীণ নথিতে এই সফরের তথ্য নিশ্চিত করা হয়েছে। ড. মনসুরের আইনজীবী দল আদালতের নির্দেশনা অনুযায়ী গত ১১ মার্চ বিষয়টি ই-মেইলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানায়।
ড. মনসুর ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন। গত ৪ এপ্রিল তিনি ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন এবং সেখান থেকে নিউইয়র্কে যাবেন। আদালতে জবানবন্দি প্রদানের আগে বাংলাদেশ ব্যাংকের নিয়োগকৃত আইন প্রতিষ্ঠান ‘বিএসএনকে’ ও ‘কিস্টোন’ ৬ ও ১০ এপ্রিল বিশেষ প্রস্তুতিমূলক বৈঠক আয়োজন করেছে।
সফরের সব খরচভার বহন করবে বাংলাদেশ ব্যাংক। বিমান ভাড়া, হোটেল ও প্রটোকলসহ সাবেক গভর্নরের সমমানের সুবিধা তিনি পাবেন। সফর শেষে ১২ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে। ড. মনসুরের সঙ্গে একজন কর্মকর্তা নেওয়ার অনুমতিও প্রস্তাব করা হয়েছে।
আইনগত কৌশল ও বৈঠকে অংশ নিতে বিএফআইইউ-এর উপপ্রধান মো. মফিজুর রহমান খান চৌধুরীকেও যুক্তরাষ্ট্রে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তিনি বিশেষজ্ঞ সাক্ষী হিসেবে আদালতের আলোচনায় অংশ নেবেন। এছাড়া মামলার অন্য প্রধান আইন প্রতিষ্ঠান ‘কোজেন ও’কনর’-এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকও নির্ধারিত রয়েছে।
কিস্টোনের আইনজীবী ধর্মেন্দ্র নায়ার জবানবন্দি সংক্রান্ত খরচ বাবদ ১৫,০০০ ব্রিটিশ পাউন্ড বিল পাঠিয়েছেন। ব্যারিস্টার সৈয়দ আফজাল হাসান উদ্দিনকেও ৮ থেকে ১০ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্র সফরের অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, নিরাপত্তা ও সংবেদনশীলতার কারণে এই সফর সংক্রান্ত কোনো আদেশ প্রকাশ করা হবে না, তবে অভিবাসন কর্তৃপক্ষকে নিয়ম অনুযায়ী অবহিত করা হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, ড. আহসান এইচ মনসুরের জবানবন্দি মামলার গতি ও বাংলাদেশের অবস্থান দুটোই উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে।
উল্লেখ্য, ড. মনসুরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।