আইন আদালত
দেড় মাসের বাচ্চার মা যুবলীগ নেত্রীকে মানবিক বিবেচনায় জামিন
রাজধানীর তেজগাঁও থানার বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমকে কারাগারে পাঠানোর কয়েক ঘণ্টার মধ্যেই জামিন দিয়েছেন আদালত। মানবিক দিক বিবেচনায় মঙ্গলবার তার জামিন মঞ্জুর করা হয়।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে দেড় মাস বয়সী কন্যা কাইফা ইসলাম সিমরানসহ কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মঙ্গলবার দুপুরের দিকে শিল্পী বেগমকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শেখ নজরুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রথমে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত প্রাঙ্গণে এ সময় আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। আদালত কক্ষ থেকে বের করার সময় শিল্পী বেগম কাঁদতে থাকেন। পরে তার কোলে তুলে দেওয়া হয় তার দেড় মাস বয়সী সন্তানকে। আদালতের বারান্দায় বসে তিনি শিশুকে দুধ পান করান। এরপর সন্তানসহ তাকে আদালতের হাজতখানায় নেওয়া হয়। এ সময় তিনি আক্ষেপ করে বলেন, রাজনৈতিক কারণে তাকে সন্তানসহ কারাগারে যেতে হচ্ছে।
পরবর্তীতে বিষয়টি পুনর্বিবেচনা করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মানবিক দিক বিবেচনায় তার জামিন মঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. তাহমিদ মুবিন রাতুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন। পরে তার বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শিল্পী বেগমসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
অভিযোগে বলা হয়, আসামিরা দেশীয় অস্ত্র ও বিস্ফোরক নিয়ে ওই শিক্ষার্থীর বাসায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে এবং তার বাবাকে মারধর করে। এ ঘটনায় ২০২৫ সালের ২৫ জানুয়ারি তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়।