সাহিত্য
নির্বাচনের কারণে পেছাল বইমেলা, শুরু হবে ২০ ফেব্রুয়ারি
নির্বাচনের কারণে চলতি বছরের অমর একুশে বইমেলা নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে এ মেলা শুরু হবে বলে জানিয়েছে বাংলা একাডেমি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটির সদস্যসচিব ড. মো. সেলিম রেজা।
তিনি বলেন, বাস্তবতার কারণে অন্যান্য বছরের মতো এবার পহেলা ফেব্রুয়ারিতে বইমেলা শুরু করা সম্ভব হয়নি। নির্বাচন শেষ হওয়ার পর ২০ ফেব্রুয়ারি থেকে মেলার কার্যক্রম শুরু হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে এ বছর স্টলভাড়া গত বছরের তুলনায় ২৫ শতাংশ কমানো হয়েছে।
স্টল বরাদ্দ প্রসঙ্গে জানানো হয়, গতবার অংশগ্রহণকারী ৫২৭টি প্রতিষ্ঠান এবং নতুন ৫৩টি প্রতিষ্ঠান স্টলের জন্য আবেদন করেছিল। তবে জায়গার সীমাবদ্ধতার কারণে আগের ৫২৭টি প্রতিষ্ঠান ও নতুন ২৪টি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
এদিকে, এবারের বইমেলা রমজান মাসজুড়ে চলায় মেলা প্রাঙ্গণে তারাবির নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ইফতারের জন্য ফুড স্টলগুলোও প্রস্তুত করা হয়েছে বলে জানান বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম।