গণমাধ্যম
ভয়েস অব আমেরিকার ৫০০’র বেশি কর্মীকে ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন
ফেডারেল অর্থায়নে পরিচালিত মার্কিন বার্তা সংস্থা ভয়েস অব আমেরিকা (ভিওএ)-এর ৫০০’র বেশি কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই পদক্ষেপকে ভিওএ বন্ধের পথে প্রশাসনের সর্বশেষ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। এর আগে সংস্থাটিকে ‘উগ্রপন্থী’ বলে অভিযুক্ত করেছিল হোয়াইট হাউস।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ক্যারি লেক এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরে বলেছেন, এটি ফেডারেল আমলাতন্ত্র কমানো, সেবার মানোন্নয়ন এবং মার্কিন করদাতাদের অর্থ সাশ্রয়ে সহায়ক হবে। তবে ভিওএ কর্মীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক বিবৃতিতে এই পদক্ষেপকে ‘অবৈধ’ বলে আখ্যায়িত করেছে।
ভয়েস অব আমেরিকা প্রতিষ্ঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে, নাৎসি প্রচারণার মোকাবিলায়। বর্তমানে এটি বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সম্প্রচার সংস্থা, যা টেলিভিশন, রেডিও এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রায় ৫০টি ভাষায় সংবাদ প্রচার করে আসছে।
সংস্থাটির ৫৩২টি পদ থেকে কর্মী ছাঁটাই করা হবে বলে জানা গেছে। এর আগে চলতি বছরের জুন মাসে ক্যারি লেক আরও ৬৩৯ কর্মীকে বরখাস্তের ঘোষণা দিয়েছিলেন। তবে কাগজপত্রে ত্রুটির কারণে সে সিদ্ধান্ত স্থগিত হয় এবং কয়েকজন কর্মী আদালতে মামলা করেন।
শুক্রবার রাতে এ ঘোষণা আসে যখন একজন বিচারক রায় দেন যে, ট্রাম্প প্রশাসন ভিওএর পরিচালক মাইকেল আব্রামোভিটজকে বরখাস্ত করার চেষ্টায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেনি। একইসঙ্গে বিচারক ক্যারি লেককে আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দেন, যেখানে তাকে আইনজীবীরা জিজ্ঞাসাবাদ করবেন।
ভয়েস অব আমেরিকা বন্ধের প্রচেষ্টা ঠেকাতে সংস্থার একদল কর্মচারী ইতোমধ্যেই আদালতের শরণাপন্ন হয়েছেন।
সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি, লস এঞ্জেলেস টাইমস