জাতীয়
দেশের জন্য একটি ভালো কাজ করে যেতে চাই : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ‘‘জীবনের এই শেষ প্রান্তে এসে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, নেই কোনো লালসা। আমার একমাত্র লক্ষ্য—দেশের জন্য একটি ভালো কাজ করে যাওয়া। আমি চাই জাতিকে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে।’’
শুক্রবার (২৫ জুলাই) যশোর কালেক্টরেট মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে এ কথা বলেন তিনি। খুলনায় যাওয়ার পথে যশোরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় তিনি এই মসজিদে নামাজ আদায় করেন।
সিইসি বলেন, ‘‘দীর্ঘ সরকারি চাকরি জীবনে আমি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি এবং অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। তবে বর্তমানে আমার কাঁধে যে গুরুদায়িত্ব অর্পিত হয়েছে, তা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণের হারানো আস্থা ফিরিয়ে আনা জরুরি। এই লক্ষ্য পূরণ আমার একার পক্ষে সম্ভব নয়—এ জন্য আমি দেশবাসীর দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।’’
তিনি আরও বলেন, ‘‘দেশ ও জাতির জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করতে হলে গণতান্ত্রিক চর্চাকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠা করতে হবে। আর এজন্য অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা জরুরি। নির্বাচন কমিশন সে লক্ষ্যেই কাজ করছে।’’
এ সময় প্রধান নির্বাচন কমিশনার ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মসজিদে উপস্থিত মুসল্লিদের দোয়া প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন এবং গভীর শোক প্রকাশ করেন।
জুমার নামাজ ও দোয়া মাহফিলে যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।