জাতীয়
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম
বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে জেনেভায় জাতিসংঘ দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলামকে।
বুধবার (৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছে। পূর্বে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে পররাষ্ট্র সচিব পদে নিয়োগ দেওয়ার পর থেকে ওয়াশিংটনে রাষ্ট্রদূতের পদটি শূন্য ছিল। সূত্র জানিয়েছে, আরিফুল ইসলাম ইতোমধ্যেই ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে যোগদান করেছেন।
গত বছরের জুনে তিনি মোহাম্মদ সুফিউর রহমানের স্থলাভিষিক্ত হয়ে জাতিসংঘের জেনেভা দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এর আগে তিনি শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার ছিলেন।
বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) এর ১৭তম ব্যাচের কর্মকর্তা আরিফুল ইসলাম ১৯৯৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পুরকৌশলে স্নাতক এবং অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি থেকে কূটনীতি ও বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
তারেক মো. আরিফুল ইসলামের বিশেষ আগ্রহ রয়েছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, মানবাধিকার ও অভিবাসন বিষয়ে। কূটনৈতিক জীবনে তিনি জাতিসংঘে নিউইয়র্কে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি, কলকাতায় উপ-হাইকমিশনে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।