জাতীয়
নিষেধাজ্ঞার মধ্যেও ইলিশ আহরণ করছে ভারতীয় জেলেরা: মৎস্য উপদেষ্টা
সরকারঘোষিত নিষেধাজ্ঞার মধ্যেও ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে ইলিশ মাছ আহরণ করছে বলে অভিযোগ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, এটা অন্যায়, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি বলেন, ‘নিষেধাজ্ঞার সময় আমাদের জেলেরা সাগরে নামলে কোস্টগার্ড বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে। অথচ সেই সময়টাই সুযোগ নেয় প্রতিবেশী দেশের জেলেরা। সাগর ফাঁকা থাকায় তারা বাংলাদেশ জলসীমায় ঢুকে অবাধে মাছ ধরে নিয়ে যাচ্ছে।’
ফরিদা আখতার জানান, এই বিষয়ে কোস্টগার্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সাগরে কোনো বিদেশি জেলে ঢুকলে সঙ্গে সঙ্গে যেন তারা প্রতিরোধ করে।
ইলিশ রক্ষায় সরকারের অবস্থান স্পষ্ট করে উপদেষ্টা বলেন, ‘আমরা চাচ্ছি দেশের মানুষের জন্য পর্যাপ্ত ইলিশ নিশ্চিত করতে। তাই কেউ যেন নিষেধাজ্ঞা ভেঙে চুরি করে মাছ ধরতে না পারে, সেজন্য সরকার কঠোর অবস্থানে রয়েছে।’
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ইলিশের প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদী ও সাগরে সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। পদ্মা ও মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার এলাকা এই সময় ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে।