জাতীয়
চাচাকে বাবা বানিয়ে কোটায় বিসিএস ক্যাডার, ইউএনওর ডিএনএ টেস্টের নির্দেশ দুদকের
চাচা-চাচীকে বাবা-মা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার করে ৩৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারে চাকরি নিয়েছিলেন কামাল হোসেন। বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মরত। এবার তার প্রকৃত পিতা-মাতা শনাক্তে ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে দুদক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক আখতার হোসেন এ তথ্য জানান।
দুদক মহাপরিচালক বলেন, “কামাল হোসেন ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। বর্তমানে তিনি সরকারের একজন সিনিয়র সহকারী সচিব হিসেবে নাচোল উপজেলা নির্বাহী অফিসারে কর্মরত। তদন্তে প্রমাণ মিলেছে, তিনি নিজের প্রকৃত পিতা-মাতা আবুল কাশেম ও হাবীয়া খাতুনের পরিবর্তে চাচা আহসান হাবীব (বীর মুক্তিযোদ্ধা) ও চাচী সানোয়ারা খাতুনের নাম ব্যবহার করেছেন।”
তিনি জানান, মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার করে কামাল হোসেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং পরবর্তীতে বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে প্রশাসন ক্যাডারে যোগ দেন। বিষয়টি জানাজানি হওয়ার পর গত বছরের ২৬ ডিসেম্বর দুদক তার বিরুদ্ধে মামলা করে।
আখতার হোসেন আরও বলেন, “তদন্তের স্বার্থে কমিশন আসামি কামাল হোসেনসহ তার প্রকৃত পিতা-মাতা এবং চাচা-চাচীর ডিএনএ টেস্টের অনুমোদন দিয়েছে। আদালতের অনুমতি নিয়ে এই পরীক্ষা সম্পন্ন করা হবে।”
ডিএনএ পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে মামলার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দুদক কর্মকর্তারা।