জাতীয়
রোববার থেকে সারাদেশে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা (ভিডিও)
দশম গ্রেডসহ তিন দফা দাবিতে রোববার (৯ নভেম্বর) থেকে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এক সমাবেশ শেষে এই ঘোষণা দেন ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’, যা চারটি শিক্ষক সংগঠনের সমন্বয়ে গঠিত।
এর আগে দুপুরে শাহবাগে বিক্ষোভ মিছিল থেকে পুলিশের সঙ্গে শিক্ষকদের সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষকরা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।
শিক্ষকদের অভিযোগ, বিনা উসকানিতে পুলিশ তাদের ওপর হামলা চালায়। এতে অন্তত অর্ধশতাধিক শিক্ষক আহত হয়েছেন এবং দুজনকে আটক করা হয়েছে বলে দাবি করেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ।
অন্যদিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, শিক্ষকরা অনুমতি ছাড়াই মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছিলেন। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
শিক্ষকদের তিন দফা দাবি:
১️. সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করা।
২️. শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।
৩️. চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান।
শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস ও প্রশাসনিক কাজ চলবে না। তারা সরকারের কাছে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন, অন্যথায় কর্মসূচি আরও কঠোর করার হুঁশিয়ারিও দিয়েছেন।