জাতীয়
খালেদা জিয়ার অবস্থার কিছুটা উন্নতি, মাঝেমধ্যে বলছেন কথা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ধীরে ধীরে কিছুটা উন্নতি হচ্ছে। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাঁকে তরল খাবার দেওয়া হচ্ছে এবং তিনি তা গ্রহণও করতে পারছেন। শয্যাপাশে থাকা ছোট পুত্রবধূ শর্মিলা রহমানের সঙ্গে মাঝেমধ্যে কথা বলছেন, চিকিৎসকদের ডাকেও সাড়া দিচ্ছেন।
গত চার দিন ধরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন। আরও কিছুদিন সিসিইউতেই নিবিড় পর্যবেক্ষণে রাখতে চায় মেডিকেল বোর্ড। রোববার সন্ধ্যায় মেডিকেল বোর্ড সূত্রে এসব তথ্য জানা যায়।
এদিকে, আজ ঢাকা আসছেন চীনের একটি চিকিৎসক প্রতিনিধি দল। তাঁরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করবেন এবং চিকিৎসা বিষয়ে পরামর্শ দেবেন।
মেডিকেল বোর্ডের প্রধান হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার জানান, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল এবং আগের তুলনায় কিছুটা ভালো। নতুন কোনো জটিলতা তৈরি হয়নি। প্রয়োজন অনুযায়ী অক্সিজেন দেওয়া হচ্ছে এবং তাঁর ডায়ালাইসিস সম্পন্ন হয়েছে। নতুন কিছু পরীক্ষা-নিরীক্ষাও করা হয়েছে। তিনি আরও বলেন, শারীরিক অবস্থা আরও উন্নত হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশ নেওয়ার পরিকল্পনা আছে। পরিস্থিতি বিবেচনায় সিঙ্গাপুর বা লন্ডন বিকল্প হিসেবে রাখা হয়েছে।
মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, বোর্ডে নতুন করে যুক্ত হয়েছেন লন্ডন ক্লিনিকের একজন বিশেষজ্ঞ চিকিৎসক—যেখানে খালেদা জিয়া গত জানুয়ারিতে চিকিৎসা নিয়েছিলেন। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বোর্ড প্রতিদিন ভার্চুয়ালি বৈঠক করে তাঁর চিকিৎসা পরিকল্পনা আপডেট করছে। লন্ডন থেকে ডা. জোবাইদা রহমান, যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হসপিটালসহ বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের চিকিৎসকেরাও ভার্চুয়ালি আলোচনা করছেন।
এছাড়া যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুর, চীন, যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ও মাউন্ট সিনাই হাসপাতালের বিশেষজ্ঞদের যৌথ পরামর্শ নিয়েই তাঁর চিকিৎসা চলছে।
বিএনপির পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকায় রাশিয়ান রাষ্ট্রদূত খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন। রাষ্ট্রদূতের পক্ষ থেকে ফুল ও শুভেচ্ছা বার্তা নিয়ে দূতাবাসের একজন উচ্চপদস্থ কর্মকর্তা গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে যান। খালেদা জিয়ার পক্ষে শুভেচ্ছা গ্রহণ করেন তাঁর একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, খালেদা জিয়ার অবস্থায় বড় কোনো উন্নতি না হলেও অবনতিও হয়নি—অর্থাৎ অবস্থান ‘অপরিবর্তিত’। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে চিকিৎসার সব অগ্রগতি সমন্বয় করছেন এবং মায়ের পরিস্থিতি নিয়ে তিনি উদ্বেগে সময় কাটাচ্ছেন।
বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রাজধানীর বিভিন্ন স্থানে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হচ্ছে।
রবিবার পল্লবী-২ নম্বর কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ ছাড়া শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
দেশজুড়ে সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীরা তাঁর সুস্থতার জন্য দোয়া প্রার্থনা চালিয়ে যাচ্ছেন।