জাতীয়
নির্বাচন ও গণভোট সামনে রেখে মাঠে নামছে যৌথ বাহিনী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে এখন থেকে নিয়মিত ও সমন্বিত অভিযান চালাবে যৌথ বাহিনী।
রোববার (২১ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।
এদিন নির্বাচন ভবনে নির্বাচন-পূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি, যৌথ বাহিনীর কার্যক্রম, আচরণবিধি প্রতিপালন এবং সার্বিক নির্বাচনী পরিবেশ বজায় রাখার বিষয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর আড়াইটার পর নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৈঠকে নির্বাচন সংশ্লিষ্ট নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এর আগে দুপুর ১২টায় নির্বাচন কমিশনের সঙ্গে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের একটি পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ।
তিনি বলেন, “যৌথ বাহিনীর অভিযান ইতোমধ্যে চলমান রয়েছে। এই কার্যক্রম সম্পর্কে নিয়মিতভাবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জনগণকে জানানো হবে। প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার জনকে গ্রেপ্তার করা হচ্ছে।” আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও কমিশন যে কঠোর অবস্থানে রয়েছে, সেটিও তিনি স্পষ্ট করেন।
এ সময় নির্বাচন কমিশনার ওসমান হাদির মৃত্যুর পর প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “যারা এসব দস্যুতা করেছে, যারা হত্যাকাণ্ড ও নির্বাচনকে ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের আর কোনো সুযোগ দেওয়া হবে না।”
মো. সানাউল্লাহ আরও বলেন, “যারা আবেগকে ব্যবহার করে অপরাধ করেছে, তারা এর প্রতিদান অবশ্যই পাবে। যারা ভোটের পরিবেশ নষ্ট করতে চায়, তাদের প্রতি মানবিক হওয়ার কোনো সুযোগ নেই।” এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ও কঠোর নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি।
নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত করে—এমন যেকোনো কর্মকাণ্ড প্রতিহত করতে নির্বাচন কমিশন সরাসরি মাঠপর্যায়ে যৌথ বাহিনীর অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছে। এর অংশ হিসেবে অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধী চক্র চিহ্নিতকরণ ও আটক অভিযান শুরু হবে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানান নির্বাচন কমিশনার।
নির্বাচন কমিশনের আশা, এসব পদক্ষেপের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।