জাতীয়

নতুন সরকারের শপথে চারস্তরের নিরাপত্তা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৪ পিএম

নতুন সরকারের শপথে চারস্তরের নিরাপত্তা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দেশের ইতিহাসে প্রথমবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে নতুন সরকারের শপথ অনুষ্ঠান। অনুষ্ঠানের সাক্ষী হবেন ১ হাজারের বেশি দেশি-বিদেশি অতিথি। মেগা ইভেন্টটি সফলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যেই দক্ষিণ প্লাজায় ব্যাপক প্রস্তুতি চলছে।

আগামীকাল মঙ্গলবার সকালে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং বিকালে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ অনুষ্ঠান ঘিরে সংসদের প্রবেশপথ ও ভেতরে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্বে থাকবেন পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী ও বিজিবির মোট ১৫ হাজার সদস্য। এছাড়া স্ট্যান্ডবাই থাকবে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও বিশেষায়িত অন্যান্য ইউনিট।

নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে দক্ষিণ প্লাজা এলাকায় বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড ইতোমধ্যেই সুইপিং সম্পন্ন করেছে। গুরুত্বপূর্ণ স্থানে সাদা পোশাকে গোয়েন্দারা অবস্থান নিয়েছেন।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, মন্ত্রিপরিষদ সদস্যদের বাসা থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় থেকেই নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রোটোকল মেনে প্রস্তুত রাখা হয়েছে অর্ধশত গাড়ি।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম বলেন, “আনা-নেওয়া থেকে শুরু করে রুটকেন্দ্রিক এবং সংসদ ভবনের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমরা পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত করেছি। কোনো ঝুঁকি আশঙ্কা করছি না এবং অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হবে।”

শপথ অনুষ্ঠানকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন বাহিনী একযোগে দায়িত্ব পালন করছে, যাতে দেশের এই ঐতিহাসিক মুহূর্তটি শান্তিপূর্ণ ও স্বাভাবিকভাবে সম্পন্ন হয়।