জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৯ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ
ছবিঃ সংগৃহিত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। 

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে চীনের সরকার আনুষ্ঠানিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। একই সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষ থেকেও শুভেচ্ছা বার্তা বিনিময় করা হয়। তবে সম্ভাব্য সফরের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।

বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক ঐতিহাসিক ও দীর্ঘদিনের উল্লেখ করে হুমায়ুন কবীর বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে এ সম্পর্কের সূচনা হয়। বর্তমানে চীন বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করা এবং চলমান উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, বিগত সরকারের সময়েও বেশ কিছু যৌথ প্রকল্প বাস্তবায়িত হয়েছে। ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বহুমাত্রিক ও ফলপ্রসূ করার বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে।