জাতীয়

নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর সাক্ষাৎ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৬:৫৫ পিএম

নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর সাক্ষাৎ
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। ছবি: সংগৃহীত

অভিন্ন স্বার্থ ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। শুক্রবার সকালে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের পর উভয় পক্ষই নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ বিষয়টি নিশ্চিত করেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার পোস্টে উল্লেখ করেন, বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে।

অন্যদিকে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ তার পোস্টে জানান, ভারতের সঙ্গে অভিন্ন স্বার্থ ও পারস্পরিক সুফলের ভিত্তিতে একসঙ্গে কাজ করার বিষয়ে বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতি তিনি তুলে ধরেছেন।

উল্লেখ্য, গত বছরের মে মাস থেকে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এম রিয়াজ হামিদুল্লাহ। দায়িত্ব গ্রহণের পর এটি ছিল ভারতের মন্ত্রী পর্যায়ে তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। এর আগে তিনি ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন।