জাতীয়

জ্বালানি সংকটে সন্ধ্যা ৬টার মধ্যেই দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৭:০২ পিএম

জ্বালানি সংকটে সন্ধ্যা ৬টার মধ্যেই দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল
ছবি: সংগৃহীত

জ্বালানি সঙ্কট মোকাবিলার অংশ হিসেবে সরকারের আগে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, সন্ধ্যা ৬টার মধ্যেই সব দোকান ও শপিংমল বন্ধ রাখার নির্দেশনা আপাতত বহাল রয়েছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর বিদ্যুৎ ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিস্থিতির প্রভাবে দেশের জ্বালানি সঙ্কট পরিস্থিতি গভীর, তাই এই নির্দেশনা বর্তমান সময় পর্যন্ত অপরিবর্তিত থাকবে।

মন্ত্রী ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “জাতীয় স্বার্থে সরকারের নির্দেশ মেনে চলা জরুরি। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ।”

বৈঠকের পর দোকান ও শপিংমল মালিক সমিতির নেতারা জানান, তারা সরকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন এবং বর্তমান পরিস্থিতিতে সন্ধ্যা ৬টার মধ্যেই দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত মেনে নেবেন। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে সময়সীমা পুনর্বিবেচনার অনুরোধও জানিয়েছেন তারা।

এর আগে সরকার অফিস সময়সূচি ও বাজার বন্ধের সময় নির্ধারণ করে, যার আওতায় সন্ধ্যা ৬টার পর সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখা বাধ্যতামূলক। প্রশাসন নিয়মিত তদারকি চালিয়ে নির্দেশনার সঠিক বাস্তবায়ন নিশ্চিত করবে।